রংপুর বিভাগে ১২০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
রংপুর বিভাগে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষা করা হয় ৬০৮ জনের। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরের ২৬ জন, পঞ্চগড়ের ৯, নীলফামারীর ১২, লালমনিরহাটের ১৮, কুড়িগ্রামের ৯, ঠাকুরগাঁওয়ের ৫, দিনাজপুরে ৩১ ও গাইবান্ধার ১০ জন। এই সময়ে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২০ জন।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিভাগের আট জেলায় ৫৯২ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৫৮। এদিন মারা যান একজন। এর আগের দিন গত বুধবার ৬৬৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিল ১৪৮ জন। শনাক্তের হার ছিল ২২ দশমিক ১২। এদিনও একজনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭৩ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৯ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৬ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৮, পঞ্চগড়ে ৮৩, নীলফামারীতে ৯২, লালমনিরহাটে ৭১, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার ৫৭৯ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনায় সংক্রমণ অনেকটা কমে আসছে। সেই সঙ্গে সুস্থতার সংখ্যাও বাড়ছে। এরপরও ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।