রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪২
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৫৩ জনের নমুনা পরীক্ষায় ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৪২। একই সময়ে বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ মঙ্গলবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
গতকাল সোমবার বিভাগের ৮ জেলায় ১ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়। করোনায় এ দিন দুজনের মৃত্যু হয়। গত রোববার ৮৪৬ জনের নমুনা পরীক্ষায় ৪৫১ জনের করোনা শনাক্ত হয়। এ দিন করোনায় কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রংপুরে ১৩৩, পঞ্চগড়ে ৩১, নীলফামারীতে ৬৮, লালমনিরহাটে ৩১, কুড়িগ্রামে ১৪, ঠাকুরগাঁওয়ে ৩৭, দিনাজপুরে ৫৬ ও গাইবান্ধায় ২৯ জন আছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪ জন।
রংপুর জেলায় করোনা সংক্রমণের হার ৪৬ দশমিক ৬৩, পঞ্চগড়ে ৩৯ দশমিক ৭৪, নীলফামারীতে ৪৩ দশমিক ৩১, লালমনিরহাটে ৩২ দশমিক ৯৮, কুড়িগ্রামে ৩৬ দশমিক ৮৪, ঠাকুরগাঁওয়ে ৪১ দশমিক ৫৭, দিনাজপুরে ৪০ ও গাইবান্ধায় ৪৯ দশমিক ১৫।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৭ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৪ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৫, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৭০, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৫৯ হাজার ৮১৭।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনার নমুনা পরীক্ষা বাড়লে সংক্রমণও বাড়ে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সাবধানে থাকতে হবে। বাড়ির বাইরে অবশ্যই মাস্ক পরতে হবে।