রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৮৮, মৃত্যু ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৮৮ শতাংশ। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২ জনের মধ্যে রংপুর জেলার ১ ও ঠাকুরগাঁওয়ের ১ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০২। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩১৯, রংপুরের ২৮৬, ঠাকুরগাঁওয়ের ২৪৩, পঞ্চগড়ের ৭৭, নীলফামারীর ৮৬, লালমনিরহাটের ৬৩, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬২ জন করোনায় মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে রংপুরের ১০, দিনাজপুরের ৬, কুড়িগ্রামের ৩, নীলফামারীর ২, ঠাকুরগাঁওয়ের ৩, পঞ্চগড়ের ১, লালমনিরহাটের ১ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৫৪০। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সে জন্য সবাইকে করোনার টিকা নিতে হবে।