রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ৩৯ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৪১২ জনের করোনা শনাক্ত হয়েছে, সংক্রমণের হার ৩৯। একই সময় করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণের হার ছিল ৪৬ দশমিক ০১। আজ বৃহস্পতিবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের রংপুর জেলায় ১৩৪ জন, পঞ্চগড়ে ২১, নীলফামারীতে ৫৪, লালমনিরহাটে ২৭, কুড়িগ্রামে ২৪, ঠাকুরগাঁওয়ে ৪৮, দিনাজপুরে ৭৬ ও গাইবান্ধার ২৮ জন আছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪২ জন। মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৭ জনের। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩৩৪ জন মারা যান। রংপুরে জেলায় ২৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৭০, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ৬৮৫।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সচেতনতায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। কেবল সচেতনতাই পারে করোনার সংক্রমণ কমাতে। ঘরের বাইরে বের হলে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।