রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু
রংপুর বিভাগের আট জেলায় শেষ ২৪ ঘণ্টায় ৫০১ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ শতাংশ। এই সময় গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে শনিবার বিভাগের আট জেলায় ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮২। এদিন মৃত্যু ছিল না। এর আগের দিন গত শুক্রবার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিল ১২০ জন। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৫৮। এদিন একজন মারা যান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরে ১৮, পঞ্চগড়ে ৭, নীলফামারীরতে ৮, লালমনিরহাটে ৫, কুড়িগ্রামে ৫, ঠাকুরগাঁওয়ে ৩, দিনাজপুরে ২৫ ও গাইবান্ধায় ২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭৬ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৪০ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৬, ঠাকুরগাঁওয়ে ২৫৮, পঞ্চগড়ে ৮৪, নীলফামারীতে ৯২, লালমনিরহাটে ৭২, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ অনেকটা কমে আসছে। সেই সঙ্গে সুস্থতার সংখ্যাও বাড়ছে। এরপরও ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে।