রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা) করোনাভাইরাসে সংক্রমিত চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৫ জনের।

শনিবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষায় ওই ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৭৩ জনে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার ৫২ জন, ঠাকুরগাঁওয়ের ২৮ জন, নীলফামারীর ৪ জন, পঞ্চগড়ের ৬ জন, কুড়িগ্রামের ৫ জন, লালমনিরহাটের ১২ জন, গাইবান্ধার ১৩ জন ও রংপুর জেলার ১৫৫ জন।

একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া চারজন ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও রংপুরের বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৮৭ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ১৭৬ জন, রংপুরের ১০৯ জন, ঠাকুরগাঁওয়ের ৭০ জন, পঞ্চগড়ের ২২ জন, নীলফামারীর ৩৮ জন, লালমনিরহাটের ২২ জন, কুড়িগ্রামের ২৭ জন ও গাইবান্ধার ২৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩২ জন করোনা রোগী।

এসব তথ্য নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জাকিরুল ইসলাম বলেন, করোনা বিস্তার রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।