রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময় বিভাগে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৮১৮। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বিভাগে ৩৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৫৭। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে রংপুরের ৭, পঞ্চগড়ের ৪, নীলফামারীর ১, কুড়িগ্রামের ২, ঠাকুরগাঁওয়ের ১ ও দিনাজপুরের ৬ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন দুজন নিয়ে এখন পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩২৫ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯১, ঠাকুরগাঁওয়ে ২৫০, পঞ্চগড়ে ৮০, নীলফামারীতে ৮৭, লালমনিরহাটে ৬৬, কুড়িগ্রামে ৬৮ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি।