রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময় বিভাগে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৮৯৭।

আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৬৬৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৮৪।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে রংপুরে ২, পঞ্চগড়ে ৪, কুড়িগ্রামে ৪, ঠাকুরগাঁওয়ে ৩ ও দিনাজপুরে ৬ জন রয়েছেন। এ সময়ে বিভাগে ৪৩ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন দুজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ২৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩২৫ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯১, ঠাকুরগাঁওয়ে ২৫০, পঞ্চগড়ে ৮০, নীলফামারীতে ৮৮, লালমনিরহাটে ৬৭, কুড়িগ্রামে ৬৮ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা শনাক্ত দিন দিন কমে আসছে। এটি একটি ভালো খবর। কিন্তু এরপরও করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেন চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি।