রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ২২ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৩৭ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৫৯ জনের। এ সময়ের মধ্যে শনাক্ত ২২ শতাংশ। ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত এ তথ্য।
এদিকে গতকাল বিভাগের ৮ জেলায় ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫১। এদিন একজনের মৃত্যু ছিল। গত শুক্রবার ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২০৪ জনের। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৮৮। এদিন মৃত্যু ছিল না।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরের ৩৭, পঞ্চগড়ের ২০, নীলফামারীর ২১, লালমনিরহাটের ১৩, কুড়িগ্রামের ৩, ঠাকুরগাঁওয়ের ১৬, দিনাজপুরে ২৭ ও গাইবান্ধার ২২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে গত এক দিনে দিনাজপুর জেলায় ২ জনের মৃত্যুসহ এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৮ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৮ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৫, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮৩, নীলফামারীতে ৯১, লালমনিরহাটে ৭১, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার ৬৫।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কোনো দিন বাড়ছে, আবার কোনো দিন কমছে। তবে নমুনা পরীক্ষা বাড়লে সংক্রমণও বাড়ে। তাই হেঁয়ালিপনা না করে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে।