রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৭ জনের, শনাক্তের হার ৭ দশমিক ৩৯। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২১। এর মধ্যে দিনাজপুর জেলার ৩২২ জন, রংপুরের ২৯০, ঠাকুরগাঁওয়ের ২৪৮, পঞ্চগড়ের ৭৯, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৬, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৭ জন, পঞ্চগড়ের ১, নীলফামারীর ২, লালমনিরহাটের ২, কুড়িগ্রামের ২, ঠাকুরগাঁওয়ের ৫, দিনাজপুরের ৫৬ ও গাইবান্ধার ২ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৪৯৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১ জন।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, আপাতত করোনা সংক্রমণের হার নিম্নমুখী। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এরপরও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।