রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৪
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩১৫ জনের। শনাক্তের হার ২২ দশমিক ৩৭। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৫ জন, গাইবান্ধার ৩, দিনাজপুরের ২, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে ১ জন করে আছেন। নতুন সংক্রমিত রোগীদের মধ্যে রংপুর জেলার ৭০, দিনাজপুরের ৫৪, কুড়িগ্রামের ৪৩, নীলফামারীর ৩৬, ঠাকুরগাঁওয়ের ৪২, গাইবান্ধার ৩৬, পঞ্চগড়ের ২৫ ও লালমনিরহাটের ৯ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪৮ হাজার ৭৪২।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৪ জনসহ বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৫৭। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ২৯৮ জন, রংপুরের ২৪২, ঠাকুরগাঁওয়ের ২০২, পঞ্চগড়ের ৬৬, নীলফামারীর ৭৬, লালমনিরহাটের ৫৭, কুড়িগ্রামের ৫৯ ও গাইবান্ধার ৫৭ জন আছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫২৯ জন।