রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা ৫২ হাজার ৯১৪। আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় একজন করে আছেন। গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৬০। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্য রংপুর জেলার ২৭, দিনাজপুরের ২১, কুড়িগ্রামের ৬, নীলফামারীর ৯, ঠাকুরগাঁওয়ের ১৯, গাইবান্ধার ৫, পঞ্চগড়ের ৫ ও লালমনিরহাটের ৭ জন আছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম জানিয়েছেন, বিভাগে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩১৮, দ্বিতীয় সর্বোচ্চ রংপুরের ২৮০, ঠাকুরগাঁওয়ের ২৩৯, পঞ্চগড়ের ৭৫, নীলফামারীর ৮৫, লালমনিরহাটের ৬৩, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬১ জন করোনায় মারা গেছেন।