রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৮৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৭ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৭৯। আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে একজন করে আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ২০৯। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩২০, রংপুরের ২৮৭, ঠাকুরগাঁওয়ের ২৪৪, পঞ্চগড়ের ৭৯, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৪, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬২ জন করোনায় মারা গেছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম জানিয়েছেন, নতুন করে করোনা শনাক্তদের মধ্যে রংপুর জেলার ১৬, দিনাজপুরের ১৪, কুড়িগ্রামের ১৩, নীলফামারীর ২, ঠাকুরগাঁওয়ের ১৪, গাইবান্ধার ৫, পঞ্চগড়ের ১৪ ও লালমনিরহাটের ৯ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫৩ হাজার ৭৩৭।