রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লালমনিরহাট জেলার ৩, দিনাজপুরের ২ ও নীলফামারীর ১ জন রয়েছেন। একই সময়ে ২ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে দিনাজপুর জেলার ২২৬ জন, ঠাকুরগাঁওয়ের ১৪৮, নীলফামারীর ৮৯, পঞ্চগড়ের ৫৪, কুড়িগ্রামের ৪২, লালমনিরহাটের ২২, গাইবান্ধার ৪৭ ও রংপুরের ১১৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৮৫৭।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনায় সংক্রমিত হয়ে নতুন করে মারা যাওয়া ছয়জনসহ বিভাগে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৬১২। এর মধ্যে দিনাজপুর জেলার ২১৪ জন, রংপুরের ১২৩, ঠাকুরগাঁওয়ের ১০৯, পঞ্চগড়ের ২৮, নীলফামারীর ৪২, লালমনিরহাটের ৩৭, কুড়িগ্রামের ৩০ ও গাইবান্ধার ২৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮০ জন।
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।