রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজন পঞ্চগড়, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বাসিন্দা। একই সময়ে বিভাগে নতুন করে ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৮৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ২১। এর আগের দিন বিভাগে ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক শূন্য ৭। গতকাল বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার মধ্যে রংপুরে সর্বোচ্চ ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া পঞ্চগড়ে ১৮, নীলফামারীতে ২৮, লালমনিরহাটে ২৬, কুড়িগ্রামে ৪, ঠাকুরগাঁওয়ে ২৩, দিনাজপুরে ৪৪ ও গাইবান্ধায় ১৬ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬১ জন। বিভাগে এখন পর্যন্ত ৬২ হাজার ৬১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত এক দিনে মারা যাওয়া ৩ জনসহ বিভাগে এ পর্যন্ত ১ হাজার ২৬৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৬ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯৫, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮৩, নীলফামারীতে ৯১, লালমনিরহাটে ৭১, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৪ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের বিষয়ে সবাইকে সচেতন করতে রংপুর নগরীর জনসমাগম এলাকাসহ বিভিন্ন এলাকায় মাইকে প্রচারণা চালানো হচ্ছে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।