রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

রংপুর বিভাগে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাতজনের মধ্যে ঠাকুরগাঁওয়ের তিনজন, দিনাজপুরের দুজন, লালমনিরহাট ও রংপুরের একজন করে রয়েছেন। একই সময়ে ৮৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ২২৭ জনের। করোনা শনাক্ত হওয়া ৮৪৩ জনের মধ্যে দিনাজপুর জেলার ৪৮৩, ঠাকুরগাঁওয়ের ১৮৮, নীলফামারীর ৩৮, পঞ্চগড়ের ৩৩, কুড়িগ্রামের ২৪, লালমনিরহাটের ৫, গাইবান্ধার ১৯ ও রংপুরের ৫৩ জন রয়েছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৭৪ জন। এর মধ্যে দিনাজপুর জেলার ১৭২, রংপুরের ১০৮, ঠাকুরগাঁওয়ের ৬৫, পঞ্চগড়ের ২১, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ২০, কুড়িগ্রামের ২৭ ও গাইবান্ধার ২৩ জন রয়েছেন।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।