রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ২০২
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২০২ জন। সুস্থ হয়েছেন ২১৮ জন। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ ব্যক্তির মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৪ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, রংপুরে ২ জন ও পঞ্চগড়ে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলার ৪৭ জন, ঠাকুরগাঁওয়ের ১৮ জন, দিনাজপুরের ৪৯ জন, নীলফামারীর ৩৬ জন, পঞ্চগড়ের ২২ জন, কুড়িগ্রামের ৮ জন, লালমনিরহাটের ৮ জন ও গাইবান্ধার ১৪ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৮ হাজার ৬১৮।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১০ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮০৭। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ২৫২ জন, রংপুরের ১৬৮ জন, ঠাকুরগাঁওয়ের ১৫৪ জন, পঞ্চগড়ের ৪৭ জন, নীলফামারীর ৫৯ জন, লালমনিরহাটের ৪৭ জন, কুড়িগ্রামের ৪২ জন ও গাইবান্ধার ৩৮ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।