রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১১০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নতুন করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৬৫০। একই সময়ে বিভাগে তিনজন করোনায় মারা গেছেন। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত বিভাগে ১ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮০।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ২৭ জন রয়েছেন। এ ছাড়া রংপুর জেলায় ২৪ জন, কুড়িগ্রামে ৫ জন, নীলফামারীতে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ১৭ জন, গাইবান্ধায় ৭ জন, পঞ্চগড়ে ১৭ জন ও লালমনিরহাটে ১০ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ২২৫ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন পঞ্চগড়ের ও ১ জন দিনাজপুরের বাসিন্দা। নতুন ৩ জনসহ বিভাগে করোনায় মোট ১ হাজার ২০৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩২০ জন মারা গেছেন।
বাকিদের মধ্যে রংপুরে ২৮৬ জন, ঠাকুরগাঁওয়ে ২৪৩ জন, পঞ্চগড়ে ৭৯ জন, নীলফামারীতে ৮৬ জন, লালমনিরহাটে ৬৩ জন, কুড়িগ্রামে ৬৬ জন ও গাইবান্ধায় ৬২ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।