রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ২০৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২০৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে । নমুনার বিপরীতে শনাক্তের হার ২৭। এ সময় নতুন করে মৃত্যু নেই। আজ শুক্রবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এর আগের ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ২২। এদিন তিনজন মারা গিয়েছিলেন। এর আগে গত বুধবার ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিলেন ২২৬ জন। শনাক্তের হার ছিল ২৭ দশমিক শূন্য ৭। এদিন একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরে সর্বোচ্চ ৬৫, পঞ্চগড়ের ১৯, নীলফামারীর ১১, লালমনিরহাটের ২৩, কুড়িগ্রামের ১৪, ঠাকুরগাঁওয়ে ২১, দিনাজপুরে ৪০ ও গাইবান্ধার ১১ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৯ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৫ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৬ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৫, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮৩, নীলফামারীতে ৯১, লালমনিরহাটে ৭১, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬২ হাজার ৬১৫।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, সচেতনতাই পারে করোনা থেকে মুক্তি দিতে। তাই ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক পরিধান অপরিহার্য।