রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ২৪৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। একই সঙ্গে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৪৪ জন। সুস্থ হয়েছেন ৩০৬ জন।
আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৪৮ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫২ হাজার ৭৩০। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৫ ব্যক্তির মধ্যে রংপুর জেলায় ৪ জন ও ঠাকুরগাঁওয়ের ১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮০। এর মধ্যে দিনাজপুর জেলার আছেন সর্বোচ্চ ৩১৬ জন। রংপুরের রয়েছে ২৭৯ জন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের ২৩৭ জন, পঞ্চগড়ের ৭৪, নীলফামারীর ৮৫, লালমনিরহাটের ৬২, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬১ জন বাসিন্দা আছেন।
সূত্রটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ২৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে রংপুর জেলায় ৫৬ জন, দিনাজপুরের ৩৪, কুড়িগ্রামের ১৩, নীলফামারীর ৬, ঠাকুরগাঁওয়ের ২৪, গাইবান্ধার ৮২, পঞ্চগড়ের ১৩ ও লালমনিরহাটের ১৬ জন আছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫২ হাজার ৭৩০।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।