রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৩৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ৯০৩। আজ বুধবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৭।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে রংপুরের ১০, পঞ্চগড়ের ২, নীলফামারীর ৬, লালমনিরহাটের ৩, কুড়িগ্রামের ১, ঠাকুরগাঁওয়ের ৫, দিনাজপুরের ৭ ও গাইবান্ধার ১ রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৫৪ জন। মহামারি শুরুর পর বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২৭৭ জন। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রংপুরের ২৯৬, ঠাকুরগাঁওয়ের ২৫৯, পঞ্চগড়ের ৮৪, নীলফামারীর ৯২, লালমনিরহাটের ৭২, কুড়িগ্রামের ৬৯ ও গাইবান্ধার ৬৫ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কমে এসেছে। সেই সঙ্গে সুস্থতার হার বাড়ছে। এরপরও মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।