রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৬৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৯০৫। এদিকে গত এক দিনে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৮০৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৬।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে পঞ্চগড়ে সর্বোচ্চ ১৪ জন, রংপুর জেলায় ১১ জন, দিনাজপুরে ১৩ জন, কুড়িগ্রামে ১০ জন, নীলফামারীতে ৪ জন, ঠাকুরগাঁওয়ে ১০ জন, গাইবান্ধায় ১ জন ও লালমনিরহাটে ৫ জন রয়েছেন। একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ১৯৮ জন।
এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ১ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মোট ১ হাজার ২১২ জন মারা গেছেন। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩২০ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৮৮ জন, ঠাকুরগাঁওয়ে ২৪৫ জন, পঞ্চগড়ে ৭৯ জন, নীলফামারীতে ৮৭ জন, লালমনিরহাটে ৬৪ জন, কুড়িগ্রামে ৬৬ জন ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।