রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৭৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১ জনের
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজন মারা গেছেন। একই সঙ্গে ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫৪ হাজার ১৬০। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৫৯।
আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি লালমনিরহাট জেলার।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন একজন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২১৮। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩২২ জন। এ ছাড়া রংপুরের ২৯০ জন, ঠাকুরগাঁওয়ের ২৪৬ জন, পঞ্চগড়ের ৭৯ জন, নীলফামারীর ৮৭ জন, লালমনিরহাটের ৬৫ জন, কুড়িগ্রামের ৬৬ জন ও গাইবান্ধার ৬৩ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭৬ জনের। এর মধ্যে রংপুর জেলার ১৩ জন, পঞ্চগড়ের ১৫ জন, নীলফামারীর ৫ জন, লালমনিরহাটের ৪ জন, কুড়িগ্রামের ৫ জন, ঠাকুরগাঁওয়ের ১৪ জন, দিনাজপুরের ১৫ জন ও গাইবান্ধার ৫ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।