রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পানির পাম্প দুটি ভালো হলো, রোগীদের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত অংশে অবশেষে পানির সংকট কেটেছে। ছয়টি ওয়ার্ডে রোগী ও স্বজনদের স্বস্তি ফিরে এসেছে। নষ্ট হওয়া দুটি পাম্প মেরামত করে চালুর পর পানি সরবরাহ শুরু হয়েছে। হাসপাতাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগ রংপুর মেডিকেল কলেজ শাখা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার মাহমুদ হাসান বলেন, দুটি পাম্প নষ্ট হওয়ায় রোগীদের দুর্ভোগ নিয়ে প্রথম আলোতে গতকাল শুক্রবার খবর প্রকাশের পর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে নষ্ট পাম্প মেরামত করেছে। এরপর গতকাল মধ্যরাত থেকে পানি সরবরাহ শুরু হয়েছে।

পাম্প দুটি ২০ ও ২১ মার্চ পরপর দুই দিনে বিকল হয়ে পড়ে।

হাসপাতাল সূত্র জানায়, নতুন ভবনের বর্ধিত অংশে দুটি পানির পাম্প দিয়ে ছয়টি ওয়ার্ড ও তিনটি বহির্বিভাগে বাথরুমসহ সর্বত্র পানি সরবরাহ হয়ে থাকে। কিন্তু পাম্প দুটি ২০ ও ২১ মার্চ পরপর দুই দিনে বিকল হয়ে পড়ে। এ কারণে এসব স্থানে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানি না থাকায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এই অংশে অর্থোপেডিক (পুরুষ ও মহিলা ওয়ার্ড), গ্যাস্ট্রোলজি, ইউরোলজি ও মেডিসিন (মহিলা ও পুরুষ) ওয়ার্ড রয়েছে। সেই সঙ্গে নিচতলায় অর্থোপেডিক, চক্ষু, নাক কান গলা বিভাগের বহির্বিভাগ রয়েছে।

হাসপাতালের পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিষয়টি গণপূর্ত বিভাগ গুরুত্বসহকারে নিয়ে দ্রুত কাজ করায় পানির পাম্প দুটি সচল হয়েছে। মধ্যরাতেই পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।