রংপুর মেডিকেলে নতুন করোনা ইউনিট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দর থেকে করোনা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন আবদুল মতিন।
ছবি: মঈনুল ইসলাম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য ৫০ শয্যার নতুন একটি ইউনিট হলো। আজ সোমবার থেকে এটি চালু করা হয়েছে। সেই সঙ্গে রোগীও ভর্তি হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূর উন নবী লাইজু এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, হাসপাতালের পূর্ব দিকে চারতলায় এই নতুন ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স থাকছে।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় রংপুরে করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালের ১০০ শয্যায় সব সময় রোগী ভর্তি থাকছে। সেখানে নতুন করে রোগী ভর্তি নিতেও পারছে না। এমন এক উদ্ভূত পরিস্থিতিতে মেডিকেলে এই নতুন ইউনিট করা হলো।

করোনা ডেডিকেটেড হাসপাতালে তত্ত্বাবধায়ক এস এম নূরুন নবী জানিয়েছেন, ‘১০০ শয্যার পুরোটাই করোনা রোগী ভর্তি থাকছে। এসব রোগীর মধ্যে বর্তমানে ১৫ জন রোগীর আইসিইউ সাপোর্ট দরকার। কিন্তু শয্যা রয়েছে ১০টি। আইসিইউ সাপোর্ট পাওয়া এই অতিরিক্ত রোগীদের জন্য আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম বলেন, রংপুর বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগীকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন দেখা দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। তবে আইসিইউ–সংকট মোকাবিলায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।