রংপুরে আজ হালকা যান চলাচল বেড়েছে
কঠোর লকডাউনের তৃতীয় দিনে রংপুরে যানবাহন চলাচল আগের চেয়ে একটু বেড়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়ে গেলে সড়কে মানুষের উপস্থিতি কমে যায়। পুলিশ দেখলে মানুষ প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার অলিগলি দিয়ে ছুটে চলে গন্তব্যে।
আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত সড়কে তেমন একটা যানবাহন কিংবা লোকজনের চলাচল ছিল না। রাস্তাগুলো বেশ ফাঁকা ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বেড়ে যায়। আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
দেখা গেছে, সিটি বাজারের সামনের সড়কে নিত্যপণ্য কেনাকাটা করতে মানুষের বেশ উপস্থিতি আছে। এদিকে সকাল থেকে কখনো হালকা, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এরপরও সড়কে মানুষের চলাচল বেড়েছে। প্রতিটি পাড়া-মহল্লার সড়কগুলোতেও রিকশাসহ হালকা যানবাহন চলেছে। শহরের প্রবেশপথসহ পাড়া-মহল্লার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি কিছুটা শিথিল দেখা গেল। ফলে আজ সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় যানবাহনের সংখ্যা বেড়ে যায়। দোকানপাটও বন্ধ, গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নগরের মেডিকেল মোড়. ধাপ এলাকা, জিলা স্কুল মোড়, পায়রা চত্বর, সিটি বাজারের সামনে, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, কাচারি বাজার, পার্ক মোড়, মডার্ন মোড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি গতকাল শুক্রবারের চেয়ে একেবারেই কম। এরপরও দায়িত্বরত পুলিশের সদস্যরা যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন ও বাইরে বের হওয়া মানুষকে সচেতন করছেন।
নগরের শাপলা চত্বর এলাকায় কথা হয় অটোচালক সুলতান মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘দুই দিন গাড়ি বের করি নাই। কিন্তু বাড়িত চাউল নাই। খামো কী? তাই উপায় না পায়া অটো বের করছি। এক বেল চালেয়া যেটা আয় হইবে সেই টাকা দিয়া দুপুরের খাওয়া হইবে।’
নগরের বিভিন্ন স্থানে করোনাভাইরাসের সংক্রমণ বিষয়ে হ্যান্ডমাইকে গতকালের মতো প্রচারণা চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। মানুষজন একটু বুঝলে আমাদের জন্য আরও ভালো হয়। তবে যাঁরা অটোরিকশা ও রিকশা বের করে চালাচ্ছেন, তাঁদের কষ্টের কথা ভেবে একটু শিথিল করা হয় মাঝেমধ্যে। বিকেল থেকে কড়াকাড়ি আরোপ করা হবে।’