রংপুরে আন্তর্জাতিক কবিতা উৎসব শুরু
‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’—স্লোগান নিয়ে রংপুরে গতকাল সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কবিতা উৎসব। রংপুর কবিসভার আয়োজনে এ উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ, ভুটান ও নেপালের কবিরা অংশ নিচ্ছেন।
গতকাল বিকেল পাঁচটায় রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। স্বাগত বক্তৃতা করেন তৃতীয় আন্তর্জাতিক কবিতা উৎসব কমিটির আহ্বায়ক মহফিল হক। পরে একটি পত্রিকার মোড়ক উন্মোচন করেন পশ্চিমবঙ্গের আশিস সান্যাল।
অধ্যাপক খায়রুল আলম ডাকুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, পশ্চিমবঙ্গের পার্থ সাহা ও অলোক বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ জয়নুদ্দিন, দিলরুবা শাহাদত প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন বিপ্লব প্রসাদ, মিজানুর রহমান ও লুৎফর রহমান বক্তব্য রাখেন।
বক্তৃতা পর্ব শেষে দুটি পর্বে কবিতা আবৃত্তি করেন ভারতের আশিস সান্যাল, শ¦র সাহা, জ্ঞানেশ্বরী দেবী, বিদ্যারানী দেবী, পার্থ সাহা, মালদ্বীপের মরিয়ম রাফা, মরিয়ম সাজনা, ভুটানের পূর্ব ওয়ানচুক ও নেপালের অসীমা ভট্টরী।
এ ছাড়া বাংলাদেশের মুহম্মদ আলীম উদ্দীন, মোহাম্মদ আবদুল মাননান, আবু জাফর আবদুল্লাহ, আতাহার আলী খান, মফিজুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, রফিকুর রশীদ, কালীরঞ্জন বর্মণ, বিনয় বর্মণ, এ টি এম মাহবুব উল করিম, আনওয়ারুল ইসলাম, সোহরাব দুলাল, নুরুন্নাহার বেগম, নাসিমা আক্তার, শৈলেন্দ্রনাথ বর্মণ প্রমুখ কবিতা আবৃত্তি করে শোনান।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ উৎসব।