রংপুরে একমাত্র টিকাকেন্দ্রে ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকাকেন্দ্রে মানুষের দীর্ঘ সারি। বুধবার বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: প্রথম আলো

রংপুর বিভাগীয় শহরে টিকাকেন্দ্র মাত্র একটি। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রে টিকাপ্রত্যাশী মানুষের চাপ বেশি। তবে টিকার এসএমএস (মুঠোফোনে খুদেবার্তা) না পেয়েও অনেকে কেন্দ্রে ভিড় করছেন। ভিড় সামাল দিতে না পারায় কিছুক্ষণের জন্য টিকা কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ। আজ বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, সিটি করপোরেশন ও সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত জেলার একমাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে দিনভর হালকা ভিড় থাকে। তবে একসঙ্গে মানুষের তেমন একটা চাপ থাকে না। কিছুটা ভিড় বাড়লেও মানুষ নিজেরাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করেন। তবে টিকা দেওয়া না থাকলে ১১ আগস্টের পর বের হওয়া যাবে না মর্মে বিভিন্ন অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রচারের পর মঙ্গলবার সকাল থেকে ভিড় অনেক বেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকেই টিকার নিবন্ধন অনেক আগে করেছেন। কেউ এপ্রিলে, কেউ জুনে করলেও নির্দিষ্ট সময়ে টিকা দেননি। কিন্তু টিকা না দিলে বাড়ির বাইরে বের হওয়া যাবে না, মঙ্গলবার এমন খবর প্রচার হওয়ার পর নিবন্ধন করে যাঁরা টিকা নেননি, তাঁরা একসঙ্গে এসে ভিড় জমান।

এপ্রিল মাসে নিবন্ধন করে এসএমএস পাওয়ার পর এত দিন পর কেন টিকা দিতে এলেন, এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন টিকাপ্রত্যাশী বলেন, ‘এত দিন দিইনি। কিন্তু আজ দেব। তাই এসেছি।’ আরও অনেকে একই ধরেন কথা বলেন।

বুধবার বেলা ১১টায় টিকাকেন্দ্রে সরেজমিন দেখা যায়, মানুষের উপচে পড়া ভিড়। কেউ কারও কথা শুনছেন না। লাইনে দাঁড়ালেও কিছুক্ষণের মধ্যে তা ভেঙে যাচ্ছে। টিকাকেন্দ্র ভবনের প্রধান ফটকে এসে শত শত মানুষের জটলা। বেলা সাড়ে ১১টার দিকে প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ অবস্থা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত শত শত টিকাপ্রত্যাশীর উদ্দেশে জানানো হয়, গত ১৫ জুলাইয়ের মধ্যে যাঁদের নিবন্ধন করা আছে, বুধবার শুধু তাঁরা টিকা দিতে পারবেন। এই ঘোষণার পর পরিস্থিতি অনুকূলে আসে। আবার টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হয়।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রংপুরে এখন মডার্নার টিকা দেওয়া হচ্ছে। নতুন করে আরও ১ লাখ ১৬ হাজার টিকা এসেছে। তবে বিভাগীয় এই শহরে একটি মাত্র কেন্দ্রে টিকা দেওয়ায় হিমশিম খেতে হচ্ছে। যদি একাধিক কেন্দ্র থাকে, তাহলে একই স্থানে এত মানুষের ভিড় হতো না। সিটি করপোরেশনের পক্ষ থেকে আরও ৮টি কেন্দ্র বাড়ানোর জন্য ঢাকায় ১৫ দিন আগে প্রস্তাব পাঠানো হয়েছে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান তাজ প্রথম আলোকে বলেন, এখন টিকা নিতে মানুষের আগ্রহ ব্যাপক বেড়েছে। নিবন্ধন করার পর এসএমএস না পেলেও তাঁরা এখানে টিকা নিতে ছুটে আসছেন। ফলে সমস্যা দেখা দিচ্ছে। রংপুর সিটি এলাকায় টিকা কেন্দ্র বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে ঢাকায়। কিন্তু এরপরও কেন্দ্র বাড়ানো হয়নি। তিনি বলেন, ‘একটি মাত্র কেন্দ্রে সর্বোচ্চ ১ হাজার ৬০০ টিকা দেওয়া যাবে। এরপরও আমরা প্রতিদিন টিকা দিচ্ছি এর থেকেও বেশি।’

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘বুধবার সকাল ৯টায় টিকা কার্যক্রম শুরু করার অনেক আগে থেকে মানুষের ভিড় শুরু হয়। বেলা ১১টার দিকে এসএমএস পাননি, এমন টিকাপ্রত্যাশী মানুষের সংখ্যাও বেড়ে যায়। এটি সামাল দিতে পুলিশসহ আমাদের ভলেন্টিয়ারদের খুব কষ্ট করতে হয়েছে।’

সিভিল সার্জন হিরম্ব কুমার রায় প্রথম আলোকে বলেন, ধীরে ধীরে সবাই টিকা পাবেন। তবে টিকার নিবন্ধন করার পর এসএমএস না যাওয়া পর্যন্ত যেন কেউ টিকাকেন্দ্রে না যান, সে জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।