রংপুরে এবারও শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
রংপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে এবারও জেলার শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। কয়েক বছর ধরে রংপুরের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ বছর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর থেকে ৪৯৪ শিক্ষার্থীর মধ্যে ৪৩১ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
ফলাফলের দিক থেকে ঐতিহ্যবাহী রংপুর জিলা স্কুলও ভালো করেছে। এ স্কুল থেকে ২৩৭–এর মধ্যে ১৯২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান বলেন, ‘বরাবরের মতো এবারও জিলা স্কুলের ফলাফল ভালো হয়েছে। ভালো ফলাফলে আমরা সন্তুষ্ট।’
রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পরীক্ষার্থী ছিল ২৬১ জন। এর মধ্যে একজনের ফলাফল স্থগিত হয়েছে।
রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভিন বলেন, ভালো ফলাফলের পেছনে শিক্ষকদেরও যেমন ভূমিকা রয়েছে, তেমনি অভিভাবকেরাও সন্তানদের প্রতি যত্নশীল ছিলেন। তাই ফলাফলও ভালো হয়েছে।
এদিকে শহরের দ্য মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজ থেকে ১৪৩ শিক্ষার্থীর মধ্যে ১৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।