রংপুরে করোনা আইসোলেশন হাসপাতাল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় রংপুরে চালু করা হলো করোনা আইসোলেশন হাসপাতাল। রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করেন। ১১ জন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী মিলে ৬৪ জন এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তাঁদের জন্য তিনটি আবাসিক কোয়ার্টার রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, করোনো রোগীদের ভেন্টিলেটরসহ আইসিইউ সুবিধা থাকবে এই হাসপাতালে। এখন এই হাসপাতালে ১০ শয্যা রযেছে। খুব শিগগির তা ৫০ শয্যায় উন্নীত হবে। পরবর্তী সময়ে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম নূরুন্নবী লাইজু, রংপর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় প্রমুখ।

রংপুর নগরে সদর হাসপাতাল সংলগ্ন নবনির্মিত ১০০ শয্যার শিশু হাসপাতালে নতুন এই আইসোলেশন হাসপাতাল চালু হলো। এই হাসপাতালে রংপুর বিভাগের আট জেলার করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা পাবেন। এই হাসপাতালে ১০টি ভেন্টিলেটর সুবিধাসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। প্রথম ধাপে ১০টি আইসিইউ শয্যা ও ১০টি ভেন্টিলেটর দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা ৫০ শয্যায় উন্নীত করা হবে। সেই সঙ্গে রোগীদের সার্বিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে গ্রীন জোন, রেড জোনসহ পৃথক জোন রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় বলেন, যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাঁদের জীবনরক্ষায় ভেন্টিলেটর কার্যকর এক যন্ত্র। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে শ্বাস-প্রশ্বাসের কাজটা ভেল্টিলেটর করে দেয়।