রংপুরে করোনার সংক্রমণ কমেছে, হাসপাতালে রোগীও কম
রংপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। একই সঙ্গে করোনা চিকিৎসার জন্য দুটি হাসপাতালে করোনা রোগীর ভর্তির সংখ্যাও কমে এসেছে।
আজ বৃহস্পতিবার জেলার দুটি করোনা হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ২৯ জন। এর মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন। অথচ দুই সপ্তাহ আগে প্রতিদিনই গড়ে রোগী ছিলেন শতাধিক।
এদিকে রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিনজন মারা গেছেন। একই সঙ্গে ১ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১৬৪ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫৩ হাজার ৩৮০। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৩২৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত ১২ দশমিক শূন্য ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তিনজন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নীলফামারী, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলায় একজন করে রয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন করে যাঁরা করোনা সংক্রমিত হচ্ছেন, তাঁদের অধিকাংশ রোগী বাড়িতেই চিকিৎসাধীন। শ্বাসকষ্টজনিত রোগী হাসপাতালে ভর্তির সংখ্যাও খুবই কম। রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০০ শয্যার মধ্যে ১০ দিন আগেও প্রতিদিন গড়ে ৬০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার রোগী ভর্তি রয়েছেন মাত্র ২০ জন। একই সঙ্গে হাসপাতালে আইসিইউর প্রয়োজন, এমন রোগীর চাপও কমে আসছে।
রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২০১। অথচ গত ১৫ দিন আগেও এ জেলায় এক দিনেই সর্বোচ্চ আক্রান্ত রোগী ছিলেন তিন শতাধিক।
গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন, এমন কয়েকজন রোগীর স্বজনের সঙ্গে কথা হয়েছে এ প্রতিবেদকের। তাঁদের মধ্যে শহরের শালবন এলাকার বাসিন্দা আবদুর রউফ বলেন, ‘দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলাম। একটু কাশি ছিল। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি। হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করিনি।’
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূরুন্নবী লাইজু বলেন, এখানে চিকিৎসাধীন কোনো রোগীরই তেমন কোনো শ্বাসকষ্ট না থাকায় হাই ফ্লো নাজাল ক্যানুলার প্রয়োজন হচ্ছে না।
রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরুন নবী জানান, অল্প কয়েক দিন আগেও রোগীর চাপে হিমশিম খাওয়ার উপক্রম হয়েছিল। এখন অনেকটা স্বস্তি এসেছে। কিন্তু এরপরও সচেতনতায় কাজ করতে হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে।