রংপুরে করোনার সংক্রমণ প্রতিরোধে তিন দিনের প্রচারণা শুরু
করোনাভাইরাসের ভারতীয় ধরন ছড়িয়ে পড়া প্রতিরোধে রংপুর বিভাগে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আহাদ আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক জাকিউল ইসলাম, জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান তাজ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অফিস, জেলা সিভিল সার্জন কার্যালয় ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান বলেন, করোনা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রয়োজনে আইনি প্রক্রিয়াও চালাতে হবে।
উদ্বোধনের পর বেলা একটায় নগরের সিটি বাজারের সামনে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় মাইকযোগে করোনাভাইরাসের ভারতীয় ধরনের সংক্রমণ থেকে রক্ষা পেতে ১০ মিনিটের রেকর্ডকৃত বক্তব্য প্রচার করা হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, করোনাভাইরাসের ধরন নিয়ে চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মী উদ্বিগ্ন। যদি জনগণ মাস্ক না পরে, স্বাস্থ্যবিধি না মানে, তাহলে রোগী বাড়লে হাসাপাতালে অতিরিক্ত রোগীর চিকিৎসা প্রদান ও অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। তাই বিপদ থেকে মুক্তি পেতে জনগণকে সচেতন হতে হবে। এর কোনো বিকল্প নেই।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক আহাদ আলী বলেন, জনগণকে সচেতন করতে বিভাগের আট জেলায় আজ এ প্রচারণা শুরু হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় আগামী বুধবার পর্যন্ত পথসভা করবে স্বাস্থ্য বিভাগ।
এদিকে স্বাস্থ্য বিভাগীয় কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিন দিন করোনা প্রতিরোধে রংপুর বিভাগের আট জেলা, উপজেলা শহরে, রাস্তার মোড়ে, বাজার ও বিপণিবিতানে চিকিৎসকদের নেতৃত্বে প্রায় দুই হাজার পথসভা অনুষ্ঠিত হবে।