রংপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শানেরহাট ইউনিয়নের বুড়িরপুকুর এলাকার রাস্তার পাশ থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রের নাম শিবলী মণ্ডল (১৭)। তার বাড়ি ইউনিয়নের ঘোষপুর এলাকায়। বাবা আশরাফ মণ্ডল।

পরিবার ও পুলিশ জানায়, পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল শিবলী।

পরিবারের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গতকাল বুধবার রাত আটটার দিকে কয়েকজন যুবক শিবলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি শিবলী।

আজ ভোরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বুড়িরপুকুর এলাকার একটি রাস্তার পাশে শিবলীর লাশ পাওয়া যায়।

পুলিশের ভাষ্য, শিবলীর গলায় জখমের চিহ্ন দেখা গেছে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য শিবলীর লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের হবে বলে পুলিশ জানিয়েছে।