রংপুরে গণপরিবহন ধর্মঘটে অটোরিকশাই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা। ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাদের দূরের গন্তব্যে যেতে হচ্ছে ভেঙে ভেঙে। মেডিকেল মোড়, রংপুর, ৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম

কখনো চার্জার রিকশা–অটোরিকশা, আবার কখনো রিকশা–ভ্যানে এক এলাকা থেকে অন্য এলাকায় লোকজন ছুটে চলেছেন। গণপরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের এমন ভোগান্তি। যাত্রীদের দুর্ভোগের কথা বলছিলেন সৈয়দপুর থেকে রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে আসা সোলেমান মিয়া নামের এক ব্যক্তি।

শুধু সোলেমান নয়, রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালের বর্হিবিভাগসহ জরুরি বিভাগের সামনে গণপরিবহন ধর্মঘটে দুর্ভোগের কথা জানান আরও অনেকেই। তাঁদের ভাষ্য, তেলের দাম বাড়ানোর সঙ্গে মানুষকে দুর্ভোগে ফেলে গণপরিবহন বন্ধ রাখা মোটেই ঠিক নয়।

সরেজমিনে রংপুর মেডিকেল মোড়ে কথা হয় বেশ কয়েকজনের সঙ্গে। তাঁদের অধিকাংশই সৈয়দপুর থেকে রংপুরে এসেছেন। তাঁরা জানান, বিভিন্ন এলাকা থেকে প্রথমে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এসেছেন। এরপর সেখান থেকে রংপুরে আসতে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশায়। এত দূরের পথে তিনবার অটোরিকশা পরিবর্তন করতে হয়েছে তাঁদের।

রফিকুল ইসলাম নামের এক চাকরিজীবী বলেন, ‘চুয়াডাঙ্গায় বাড়ি গিয়েছিলাম। এখন কর্মস্থলে ফিরতে তো হবেই, তাই ট্রেনে এসেছি। সারা রাত ট্রেন জার্নি করে এসে অটোরিকশায় রংপুরে আসতে হলো। তা–ও আবার তিনবার অটো পরিবর্তন করতে হয়েছে।’

রংপুর মেডিকেল মোড় থেকে অটোরিকশায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর মতো জেলা শহরে যাচ্ছেন যাত্রীরা। একইভাবে শহরের সাতমাথা এলাকায় লালমনিরহাট, কুড়িগ্রাম এবং শহরে মডার্ন মোড়ে গাইবান্ধা, বগুড়া, ঢাকাসহ আরও অনেক এলাকায় অটোরিকশায় চেপে ভেঙে ভেঙে জরুরি কাজে যাত্রীরা ছুটছেন।

পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
ছবি: প্রথম আলো

রংপুর শহরের মডার্ন মোড়ে যাত্রীদের ডাকছেন অটোরিকশার চালকেরা। ভুক্তভোগী মানুষ যেন অসহায়। কেউ যাবেন গাইবান্ধা, কেউবা বগুড়া, আবার কেউ কেউ ঢাকা কীভাবে যাওয়া যায়, এ জন্যও এখানে ছুটে এসেছেন। তবে পরিবহন হিসেবে ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া আর কিছু নেই।

আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তি জানান, ‘অটোরিকশা ছাড়া আর কোনো উপায় দেখছি না। জরুরি প্রয়োজনে যেতেই হবে, তাই এসেছি। তবে গাইবান্ধা যেতে চারবার অটো পরিবর্তন করতে হবে। এতে খরচের পাশাপাশি সময়ও বেশি লাগবে।’