রংপুরে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রংপুর নগরে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে নগরে বাংলাদেশ ব্যাংকসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই নারীর সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে তাঁর নাম হাওয়া বেগম, বাবার নাম মনছুর আলী ও মা ফিরোজ বেগম উল্লেখ আছে। তাঁর বয়স প্রায় ৪০ বছর। বাড়ি ঢাকার গেন্ডারিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী অটোরিকশায় করে যাচ্ছিলেন। বাংলাদেশ ব্যাংক মোড়ে এলে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে হাসপাতালে দায়িত্বে থাকা কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাঁর লাশ হাসপাতালের মর্গে আছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম হাওয়া বেগম। তাঁর ছেলে হাবিবুর রহমানের সঙ্গে মোবাইলে ফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।