রংপুরে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রংপুর নগরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার আরও তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। এর আগে আজ মঙ্গলবার বেলা একটার দিকে নগরের মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।

এখন পর্যন্ত এই দুর্ঘটনায় নিহত দুজন থেকে বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এর মধ্যে অটোরিকশার চালক, একজন শিশুসহ দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহত একজন নারীসহ তিনজনের নাম জানা যায়নি।

পরিচয় শনাক্ত হওয়া নিহত দুজনের মধ্যে একজন হচ্ছেন অটোরিকশার চালক রাজা মিয়া (৪৬)। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরানী এলাকায়। অপরজন পাঁচ বছরের শিশু জান্নাত মাওয়া। তার বাড়ি পীরগাছায়। নিহত অটোরিকশাচালক ছাড়া বাকি সবাই অটোরিকশাটির যাত্রী ছিলেন।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িতে আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর দুই ঘণ্টা পর আরও তিনজন মারা যান। এই ঘটনায় পাঁচজন নিহত হলেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকচালককেও আটক করা হয়েছে।

আরও পড়ুন