রংপুরে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রংপুর রেলওয়ে স্টেশনে কালোবাজারি ও অবৈধভাবে টিকিট বিক্রির দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার রাতে রংপুর রেলস্টেশনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ফিরোজ আহমেদ (৪০)। তিনি স্টেশন প্ল্যাটফর্মে নকশা ফাস্টফুড নামের একটি দোকানের মালিক ও নগরের আলমনগর স্টেশন এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব বলেন, স্থানীয় লোকজন ও যাত্রীদের অভিযোগ ছিল, ফিরোজ আহমেদ রেলস্টেশনের প্ল্যাটফর্মে ফাস্টফুডের দোকানের আড়ালে টিকিট কালোবাজারি করতেন। অনেকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।