রংপুরে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা শেষ
রংপুরে গতকাল শনিবার বাংলাদেশ গ্রাম থিয়েটারের তিন দিনব্যাপী বিভাগীয় আবাসিক নাট্য কর্মশালা শেষ হয়েছে। বাংলাদেশ গ্রাম থিয়েটার রংপুর বিভাগের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
রংপুর পাবলিক লাইব্রেরি হলে আবাসিক নাট্য কর্মশালায় রংপুর বিভাগকে রোকেয়া অঞ্চল, তিতুমীর অঞ্চল, নূরলদীন অঞ্চলসহ তিনটি বিভাগে ভাগ করা হয়। এতে ৪৬ জন নাট্যকর্মী অংশ নেন।
গতকাল সমাপনী দিনে আয়োজিত আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে কর্মশালার রংপুর বিভাগীয় সমন্বয়কারী জুলফিকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম। অন্যদের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী সাইদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ, নাট্য কর্মশালা রোকেয়া অঞ্চলের সমন্বয়কারী নিজামুল ইসলাম, তিতুমীর অঞ্চলের সমন্বয়কারী আবু বকর সিদ্দিক, নূরলদীন অঞ্চলের সমন্বয়কারী হাফিজা বেগম, কর্মশালার আহ্বায়ক রাজ্জাক মুরাদ ও সদস্যসচিব শাহিনুর রহমান, রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি কাজী মো. জুননুন, সুরলীলা থিয়েটারের সভাপতি মমতা চাকী, রংপুর থিয়েটারের এস এম তৌহিদুল ইসলাম, বগুড়ার কলেজ থিয়েটার সহসভাপতি সিজুলইসলাম।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই নাট্য কর্মশালায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইতিহাস, শারীরিক প্রস্তুতি ও তাৎক্ষণিক উদ্ভাবন, নাট্য নির্মাণ, নাট্য প্রযোজনাসহ নাটকের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
শেষে সনদ বিতরণ ও নাট্যানুষ্ঠান হয়।