রংপুরে তিস্তার পানি এখন বিপৎসীমা বরাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তার পানি বিপৎসীমা বরাবর আছে
ফাইল ছবি

রংপুরে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। গতকাল সোমবার রাতে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর তা আজ মঙ্গলবার সকালে বিপৎসীমা বরাবর এসেছে। আজ সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুর কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিস্তা নদীর পানি তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় পানি প্রবাহিত হয়েছে বিপৎসীমার সমান সমান ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখানে পানির বিপৎসীমা ২৯ দশমিক ২০ সেন্টিমিটার। সেখানে পানি প্রবাহিত হচ্ছে ২৯ দশমিক ১০ সেন্টিমিটার। রংপুরের যমুনেশ্বরী নদী ও ঘাঘট নদের পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভাঙনকবলিত এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সূত্র ও লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহেল হাদী বলেন, বন্যাকবলিত এলাকা গঙ্গাচড়া উপজেলার পাঁচ ইউনিয়নের নিচু ও চরাঞ্চল এলাকায় নদীর পানি বাড়া-কমার মধ্যে আছে। এর মধ্যে নদীর ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত মানুষ বসতভিটা ভেঙে নিয়ে অন্যত্র সরে যাচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ইছলি ও শংকরদহ চরের এই দুটি গ্রামে নদীর ভাঙন তীব্র হয়েছে। সেখান থেকে প্রায় ৩৫টি পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে নিয়ে বাঁধের ওপর কিংবা কিছু দূরের শুকনা স্থানে নতুন করে স্থাপন করছেন।