রংপুরে দখিগঞ্জ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ আজও অসমাপ্ত
রংপুর শহরের দখিগঞ্জ শ্মশান বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ১০ বছর আগে আংশিক নির্মাণের পর বন্ধ হয়ে যায়। আজও তা তেমনি আছে।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, শহর থেকে দুই কিলোমিটার দূরে কামালকাছনায় দখিগঞ্জ শ্মশানে ২০০৬ সালের মে মাসে ৪ শতাংশ জমির ওপর সাত লাখ টাকা ব্যয় করে স্মৃতিস্তম্ভটির অংশবিশেষ নির্মাণ করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরের ১০ জন বিশিষ্ট নাগরিককে দখিগঞ্জ শ্মশান বধ্যভূমিতে ধরে এনে পাকিস্তানি বাহিনী গুলি করে হত্যা করে। তাঁদের স্মৃতির উদ্দেশে সরকারিভাবে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চারদিকে চারটি স্তম্ভ এবং একদিকে একটি ইটের দেয়াল। আশপাশে শ্মশানের খালি জমি। ঝোপ-জঙ্গলে ভরে গেছে।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরুল আলম বলেন, ‘আমরা গণপূর্ত বিভাগের কাছে আবারও অসমাপ্ত স্মৃতিস্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাই।’
শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি মফিজুল ইসলাম বলেন, এত বছরেও একটি স্মৃতিস্তম্ভ হলো না, ভাবতে অবাক লাগে।
দখিগঞ্জ বধ্যভূমি স্মৃতি রক্ষা কমিটির আহ্বায়ক রথীশ চন্দ্র ভৌমিক বলেন, ‘প্রতিবছরই আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানে শহীদদের স্মরণ করে অনুষ্ঠান করা হয়। কিন্তু স্মৃতিস্তম্ভটি বছরের পর বছর ধরে অসমাপ্তই রয়ে গেল।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সায়েরা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রাজু আহমেদ বলেন, সে সময় দরপত্র অনুযায়ী যতটুকু কাজ করা হয়েছে, তা গণপূর্ত বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে নকশা পরিবর্তন করায় কাজের ব্যয় বাড়ে। কিন্তু সে অনুযায়ী গণপূর্ত বিভাগের পক্ষ থেকে নতুন করে কার্যাদেশ দেওয়া হয়নি।
রংপুর গণপূর্ত বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ বলেন, ‘আমি এখানে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এসেছি। বিষয়টি আমার জানা নেই। তবে স্মৃতিস্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’