রংপুরে দুই প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা
রংপুর নগরের দুটি এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। সরকারি পণ্য কালোবাজারে বিক্রি ও গাড়ির ইঞ্জিনে ব্যবহৃত ভেজাল তেল উৎপাদনের ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। তাঁর সঙ্গে ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক।
নগরের নবাবগঞ্জ বাজারে অভিযানকালে ফাতেমা স্টোর থেকে ৬৩ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এসব পণ্য সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রির কথা। কিন্তু তা অবৈধভাবে দোকানে রেখে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় ফাতেমা স্টোরের স্বত্বাধিকারী শাহিদ হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নগরের আশরতপুর সাজাপুর এলাকার একটি কারখানায় গাড়ির ইঞ্জিনে ব্যবহৃত নকল তেল তৈরি করা হচ্ছিল। এসব তেলের ধারকের গায়ে আবার বিভিন্ন কোম্পানির মোড়ক লাগিয়ে বিক্রির করা হচ্ছিল। অভিযানকালে কারখানাটির মালিক টিটু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেনসহ অন্যরা।
পুলিশ কর্মকর্তা উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘ভেজাল পণ্য থেকে নগরবাসীকে দূরে রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’