রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত তিনজনের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে।

নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দড়িখামর গ্রামের আলতাফ হোসেনের ছেলে আনিছুর রহমান (৩০), ওই উপজেলার শিংগমারী গ্রামের তাজিরুল ইসলামের ছেলে শামছুর রহমান (৫০), ফেনীর গোবিন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে জিয়া ইসলাম (৩০)। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। বুধবার রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের লাশ তারাগঞ্জ হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে ছিল।

আরও পড়ুন

তারাগঞ্জ থানা–পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হিমাচল নামের একটি বাসের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ নামের বাসের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে বুধবার বেলা দুইটার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার মোকছেদুল ইসলাম, আবেদা বেগম, দিনাজপুর জেলার খানসামা উপজেলার দম্পতি রাজু মিয়া, ছাবিনা বেগম, পার্বতীপুর উপজেলার লাবু মিয়া, লাবিব হোসেন, কবিরুল ইসলাম, আমিনা বেগম, আল-আমিন, মাজেদা বেগম, নুরুনবী, বীরগঞ্জ উপজেলার দেলওয়ার হোসেন, ময়মনসিংহের লিটন রহমান এবং হানিফ এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজার মিজানুর রহমানসহ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।