রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, ব্যবসায়ী নিহত
রংপুর নগরের তাজহাট আনছারীর মোড় এলাকায় আজ শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ট্রাক ঢুকে পড়ে। এতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ীর নাম শাহ আলম (৫০)। তিনি দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনি তাজহাট আদর্শপাড়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে ব্যবসা করতেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে তাজহাট আনছারীর মোড়ে একটি মুদিদোকানে ট্রাকটি ঢুকে পড়ে। ওই সময় দোকানের ভেতরে ব্যবসায়ী শাহ আলম ঘুমিয়ে ছিলেন। ট্রাকের চাপায় দোকানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে তাজহাট থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, শাহ আলমের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনার পরই পালিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।