রংপুরে পরিবহনশ্রমিকদের হঠাৎ কর্মবিরতিতে দুর্ভোগ
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পূর্বঘোষণা ছাড়াই রংপুরে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কয়েকটি পরিবহনের শ্রমিকেরা। এতে ঢাকাগামী দূরপাল্লার কিছু বাস বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ছে। তবে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, বিষয়টি তাঁদের জানা নেই।
আজ মঙ্গলবার রংপুর থেকে ঢাকাগামী বেশ কিছু পরিবহনের শ্রমিকেরা কর্মবিরতিতে যান। অবশ্য নাবিল, এনা, শাহ ফতেহ আলীসহ আরও কিছু পরিবহনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে আগে থেকে নির্ধারিত বাসের জন্য টিকিট কাটা যাত্রীদের অন্য গাড়ির টিকিট কেটে ঢাকা যেতে হচ্ছে।
ভোর ছয়টা থেকে পরিবহনশ্রমিকেরা কর্মবিরতির ঘোষণা দেন। তখন ঢাকাগামী বাস ছেড়ে যাচ্ছে না বলে খবর ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, রংপুর নগরের কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড থেকে হানিফ, এসআরসহ আরও কিছু পরিবহনের ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে নিয়মিত চলাচল করছে নাবিল, এনা, শাহ ফতেহ আলীসহ আরও কিছু পরিবহন।
কর্মবিরতিতে যাওয়া হানিফ পরিবহনের ব্যবস্থাপক হোসেন আলী বলেন, ‘যে মালিকেরা বেতন-ভাতা বাড়িয়েছেন, তাঁদের গাড়ি চলছে। আমাদের বাড়ানোর ব্যাপারে এখনো কোনো কথা বলা হয়নি বলে আমরা কাজ করছি না। তাই গাড়ি বন্ধ রয়েছে।’
যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে হোসেন আলী জানান, যেসব বাস বন্ধ রয়েছে, সেসব বাসের টিকিট করা ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়লেও চলাচলকারী অন্য বাসের টিকিট কেটে ঢাকা যেতে পারছেন।
ঢাকাগামী যাত্রী মনোয়ার হোসেন বলেন, আজ দুপুর ১২টায় এসআর পরিবহনের এসি গাড়ির টিকিট কাটা ছিল তাঁর। কিন্তু এসে শোনেন গাড়ি বন্ধ। টিকিটের টাকা ফেরত পেলেও বিকল্প গাড়িতে করে যেতে হলে বিকেল চারটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে বাসস্টেশনে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তাঁর।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ জানিয়েছেন, পরিবহন বন্ধ থাকার বিষয়টি তাঁদের জানা নেই। এরপরও কোন কোন পরিবহনের গাড়ি বন্ধ রয়েছে, সেটি দেখা হচ্ছে। ওই সব গাড়ির শ্রমিক ও মালিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঈদের আগে গাড়ি বন্ধ হলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।