রংপুরে পশুর হাট বন্ধ, সাড়া নেই প্রাণিসম্পদ বিভাগের অনলাইন হাটের
করোনায় কঠোর বিধিনিষেধে রংপুরের ৩৫টি পশুর হাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এতে কোরবানির জন্য প্রস্তুতকৃত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা। এদিকে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে অনলাইনে পশু কেনাবেচা চালু করা হলেও তেমন সাড়া নেই বলে দাবি করছেন তাঁরা।
খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদ সামনে রেখে রংপুরের বেশির ভাগ খামারি দেশীয় জাতের গরু পালন করেছেন। এবারও চাহিদার তুলনায় রংপুর জেলায় দেড় লাখেরও বেশি পশু রয়েছে। তবে পশুর হাট বন্ধ থাকলেও স্থানীয় ব্যবসায়ী, ব্যাপারী ও দালালেরা বাড়ি বাড়ি ও খামারে গিয়ে পশুর খোঁজখবর নিচ্ছেন। কেউ কেউ কম দামে কিনে বেশি লাভের আশায় ছুটে বেড়াচ্ছেন।
রংপুর জেলার কাউনিয়া উপজেলার নজরুল ইসলামে খামারে বিক্রির জন্য উপযোগী ২২টি গরু রয়েছে। এর মধ্যে একটি গরুর নাম দেওয়া হয়েছে ‘বাহাদুর’। তিনি এই গরুর দাম হাঁকছেন ২৫ লাখ টাকা। তিনি বলেন, ‘হাট না থাকায় এখন পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারিনি। গরু বিক্রির সব হাট বন্ধ আছে। এমন অবস্থায় গরু বিক্রি করা নিয়ে আমরা মহাসংকটে পড়েছি।’
জেলায় বর্তমানে সাড়ে ১৮ হাজার খামারমালিক রয়েছেন। তাঁদের ভাষ্য, নিজেরা গরু বিক্রি করতে না পারলে তাঁদের দালালের শরণাপন্ন হতে হবে। এতে বাজার যাচাই করে গরু বিক্রি করা সম্ভব হবে না। এর ফলে বড় লোকসানের আশঙ্কা করছেন জেলার খামারিরা। তাঁদের মতে, অনলাইনে গরুর হাট সবার জন্য সহজবোধ্য নয়। সেই তুলনায় হাটে কেনাবেচা তাঁদের জন্য অনেক সহজ। এ কারণে প্রাণিসম্পদ বিভাগের অনলাইন গরু হাটে তেমন সাড়া নেই বলে মনে করছেন তাঁরা।
রংপুর নগরের লালবাগ হাটের ইজারাদার আব্দুল্লাহিল কাফি প্রথম আলোকে বলেন, ‘এই হাটের ইজারা নেওয়া হয়েছে প্রায় আড়াই কোটি টাকায়। এখানে মূল আয়ের উৎসই হলো কোরবানির পশু বেচাকেনা। কিন্তু এই সময় যদি হাট বন্ধ থাকে তাহলে আমরা বাঁচব কেমন করে। লোকসানের টাকা কীভাবে সামাল দিব।’
এ বছর রংপুর জেলায় কোরবানির জন্য ছোট-বড় মিলিয়ে ৩ লাখ ৯৬ হাজার ৭৯৭টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ২ লাখ ৪৬ হাজার ২৭০টি গরু, মহিষ ও ষাঁড় রয়েছে। এ ছাড়া ১ লাখ ৫০ হাজার ৫২৭টি ভেড়া ও ছাগল আছে।
রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম বলেন, একটি গরুর পেছনে প্রতিদিন ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত খরচ হয়। এ অবস্থায় যদি খামারিরা গরু বিক্রি করতে না পারেন তাহলে তাঁদের বিশাল অঙ্কের ক্ষতি গুনতে হবে। ইতিমধ্যে অনেকেই পুঁজি হারিয়ে পথে বসেছেন বলেও জানান তিনি।
এমন পরিস্থিতিতে রংপুর জেলায় অনলাইনে কোরবানির পশু কেনাবেচার জন্য জেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ফেসবুকে ১১টি অনলাইন পশুর হাট চালু করা হয়েছে। এ ব্যাপারে রংপুর জেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের মতো এ বছর পরিস্থিতি অনুকূলে নেই। অনলাইনে পশু বেচাকেনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জন্য ‘অনলাইন কোরবানির পশুর হাট’ নামের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। এখন পর্যন্ত এই পেজের মাধ্যমে প্রায় ১৩ হাজার গরু-ছাগল বিক্রি হয়েছে বলে জানান তিনি।
তবে অনলাইন হাটে পশু বিক্রির তেমন একটা চাহিদা নেই—খামারিদের এমন অভিযোগ প্রসঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ‘আসলে এই অনলাইন হাটের বিষয়টি সবাই বুঝতে পারেন না। তাই হয়তো সাড়া কম পাওয়া যাচ্ছে।’
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর রংপুর জেলায় কোরবানির জন্য ছোট-বড় মিলিয়ে ৩ লাখ ৯৬ হাজার ৭৯৭টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ২ লাখ ৪৬ হাজার ২৭০টি গরু, মহিষ ও ষাঁড় রয়েছে। এ ছাড়া ১ লাখ ৫০ হাজার ৫২৭টি ভেড়া ও ছাগল আছে। তবে কোরবানির জন্য জেলায় ২ লাখ ৩০ হাজারের কিছু বেশি পশুর চাহিদা রয়েছে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেড় লাখের বেশি গরু দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে বলে জানা গেছে।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। তাই জেলার সব পশুর হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। করোনার ঝুঁকি এড়াতে এখন অনেকেই অনলাইনের মাধ্যমে পশু কিনতে আগ্রহী। তাই প্রাণিসম্পদ বিভাগ ইতিমধ্যে ফেসবুকে ই-মার্কেটিং পেজও খুলেছে।