রংপুরে পেঁয়াজ–আদার দাম বেড়েছে, কমেছে মুরগির
রংপুরের বাজারে ঈদুল আজহার আগে মুরগির দাম কমেছে। তবে পেঁয়াজ, আদার পাশাপাশি বিভিন্ন সবজির দাম বেড়েছে। এ ছাড়া চাল, ডাল, তেল ও মাছ-মাংসের দাম প্রায় আগের মতোই রয়েছে। টানা বৃষ্টির কারণে বাজারে শাকসবজির সরবরাহ কিছুটা কমে গেছে।
আজ শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবেই বাজারে ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে। নগরীর সিটি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে মুরগির দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে। ব্রয়লার মুরগি ১৫ থেকে ২০ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পাকিস্তানি মুরগি ২৭০ টাকা থেকে কমে ২৪০ টাকা, পাকিস্তানি লেয়ার ২৬০ টাকা থেকে কমে ২৪০ টাকা এবং দেশি মুরগি ১৫ টাকা কমে ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে।
ঈদে আদা, পেঁয়াজ ও রসুনের চাহিদা বাড়তি থাকে বলে এসব নিত্যপণ্যের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, প্রকারভেদে পেঁয়াজের দর কেজিপ্রতি ১৫ টাকা বেড়েছে।
মুরগি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আর কয়েক দিন পরই ঈদুল আজহা। এই ঈদে মুরগির তেমন একটা চাহিদা থাকে না। ১০ দিন ধরে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। তাই খামারিরা মুরগি সংরক্ষণের তেমন একটা ঝুঁকি নেননি। একই সঙ্গে মুরগির আমদানিও বেড়ে যায়। ফলে মুরগির দাম কমে গেছে।
মুরগি ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, আগের থেকে বিক্রি অনেক কমে গেছে। আগে যাঁরা সপ্তাহে বাজার করতে এসে ছয় থেকে সাতটা মুরগি কিনতেন, এখন তাঁরা দুই থেকে তিনটা মুরগি কিনছেন। ক্রেতাদের চাহিদা কমে যাওয়ায় ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না।
তবে ঈদে আদা, পেঁয়াজ ও রসুনের চাহিদা বাড়তি থাকে বলে এসব নিত্যপণ্যের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, প্রকারভেদে পেঁয়াজের দর কেজিপ্রতি ১৫ টাকা বেড়েছে। বর্তমানে পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ১১০ টাকায় আর ৪০ টাকার রসুন এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা জলকর এলাকার বাসিন্দা আবদুল মালেক বলেন, এই ঈদে পেঁয়াজ, আদা, রসুনের বেশি দরকার। আর এসব পণ্যের দামই বেড়ে গেল। আসলে পণ্যের দাম বাড়া নিয়ে ব্যবসায়ীদের কোনো চিন্তা নেই। কারণ, মূল্যবৃদ্ধির চাপ ক্রেতাদের ওপরই পড়ে।
সবজির বাজারেও কোনো সুখবর নেই। বাজার ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে শাকসবজির সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। ৬০ টাকার টমেটো দ্বিগুন বেড়ে হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা। করলা ২৫–৩০ থেকে বেড়ে ৪০-৪৫ টাকায়, শসা ৫০ থেকে বেড়ে ৬০-৭০ টাকায়, চিকন বেগুন ১০ টাকা বেড়ে ৪৫-৫০ টাকায়, গোল বেগুন ১০ টাকা বেড়ে ৬০ টাকায়, লাউ প্রতিটি ১০ টাকা বেড়ে ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে, কাঁচা মরিচ, বরবটি, পটোল ও আলুর কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা করে বেড়েছে।
সিটি বাজারের সবজি বিক্রেতা নূর ইসলাম বলেন, চরাঞ্চলসহ নিচু এলাকায় সবজিখেতে পানি উঠেছে। আবার কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় বাজারে সবজির আমদানি কমে গেছে। আর উঁচু এলাকার সবজি বেশির ভাগ ঢাকা ও চট্টগ্রামে চলে যাচ্ছে। ফলে গত এক সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা বেড়েছে।