রংপুরে মুরাদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরাদ হাসান
ফাইল ছবি

রংপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আবেদন খারিজ করেছেন আদালত। বুধবার দুপুরে মামলার আবেদনের পর সন্ধ্যায় ওই আবেদন খারিজ করে দেন রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মজিদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বুধবার দুপুর ১২টার দিকে মামলা নেওয়ার জন্য আবেদন করেছিলেন এই মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি হানিফ মিয়া। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শফি কামালসহ আরও অনেকে। দুপুরে মামলার আবেদন দেওয়ার পর একই দিন সন্ধ্যায় শুনানি শেষে, তা খারিজ করে দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, রংপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলালের নামে ওই মামলার আবেদন করা হয়। বাদী উল্লেখ করেন, খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত। ১ ডিসেম্বর মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল ভার্চ্যুয়াল একটি টক শোতে জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন, নারীবিদ্বেষী ও মানহানিকর বক্তব্য দেন। জিয়া পরিবার ও তাঁর নাতনি জাইমাকে অপমান-অপদস্থ ও হেয়প্রতিপন্ন করতেই অনুষ্ঠানের ভিডিও অভিযুক্ত এই দুই ব্যক্তি ছড়িয়ে দিয়েছেন।

মামলা খারিজের বিষয়টি বাদীপক্ষের আইনজীবী শফি কামাল নিশ্চিত করেছেন।
নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান আওয়ামী লীগের সাংসদ মুরাদ হাসান। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর দেশ ছেড়ে কানাডায় যেতে চেয়েছিলেন মুরাদ হাসান। কিন্তু কানাডায় ঢুকতে ব্যর্থ হয়ে তিনি গত রোববার দেশে ফিরেছেন।