রংপুরে মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার, কুড়িগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী শহিদুল ইসলামের ছাত্রাবাসে মৃত্যু রহস্যজনক দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে
প্রথম আলো

রংপুর নগরীর পীরজাবাদ এলাকায় ছাত্রাবাসে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী শহিদুল ইসলামের (২২) মৃত্যু রহস্যজনক দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত শহিদুল রংপুরের প্রাইম মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুড়িগ্রাম শহরের ডাকবাংলা পাড়ার কাঠমিস্ত্রি আবুল হোসেনের ছেলে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গত বৃহস্পতিবার প্রাইম মেডিকেলের ছাত্রাবাসে রাত ১১টায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় শহিদুল ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। পরে দ্রুত তাঁকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আজকের মানববন্ধনে শহিদুলের মা–বাবাসহ এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. জুয়েল, রাকিব হাসান, বাঁধন মিয়া, মিশু রহমান, ছাত্রনেতা মো. সাকিব প্রমুখ। মানববন্ধনে তাঁর পরিবার দাবি করে, শহিদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে প্রাইম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।

নিহত শহিদুল রংপুরের প্রাইম মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুড়িগ্রাম শহরের ডাকবাংলা পাড়ার কাঠমিস্ত্রি আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজের হোস্টেলের নিজ শয়নকক্ষে শহিদুল ইসলামের মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আজ বিকেল পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি।

মানববন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেছে।

এদিকে প্রাইম মেডিকেল ছাত্রাবাসের একাধিক শিক্ষার্থী জানান, শহিদুল বৃহস্পতিবার বাড়ি থেকে হোস্টেলে ফিরে আসেন। ওই রাতে তিনি কক্ষের দরজা বন্ধ করে দেন। তাঁদের সন্দেহ হলে কক্ষের দরজা ভেঙে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ওই ছাত্রাবাসের স্বত্বাধিকারী শাহাদৎ হোসেন বলেন, নিরাপত্তার জন্য ছাত্রাবাসে সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রয়োজনে ওই সিসিটিভির ফুটেজ দেখে জানা যাবে, কী হয়েছিল ঘটনার সময়। তাঁর পরিবারের লোকজন এসে লাশ নিয়ে গেছেন।