রংপুরে রাস্তা নিয়ে বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৬
রংপুর নগরের বাহারকাছনা সিগারেট কোম্পানি এলাকায় রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (২৮)। তিনি ওই এলাকার শাহজাহান আলীর ছেলে। এ ঘটনায় আশরাফুলের ভাই সিয়াম ইসলাম গুরুতর আহত হয়েছেন। সিয়াম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গতকাল রাতেই নিহত আশরাফুলের বাবা শাহজাহান আলী বাদী হয়ে হারাগাছ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় প্রতিপক্ষ নাসরিন বেগমের ছেলে ইয়াছিন আলীকে প্রধান আসামিসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রাতেই পুলিশ ইয়াসিন আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তার অন্য আসামিদের নাম জানায়নি পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুলের বাড়ির সামনের যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিবেশী নাসরিন বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে গতকাল রাতে নাসরিন বহিরাগত কয়েক ব্যক্তিকে নিয়ে আসেন। এ সময় আশরাফুল ও সিয়াম তাঁদের বাড়ির সামনের একটি দোকানে বসে ছিলেন। পরে আশরাফুল ও সিয়ামের সঙ্গে নাসরিনের লোকজনের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে নাসরিনের লোকজন আশরাফুল ও সিয়ামের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে আশরাফুল ও সিয়াম দুজনেই গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে আশরাফুলের মৃত্যু হয়েছে। আহত সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। গতকাল রাতেই নিহত আশরাফুলের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।