রংপুরে রেললাইনের পাশ থেকে জাসদ নেতার লাশ উদ্ধার
রংপুরের কাউনিয়া উপজেলায় রেললাইনের পাশ থেকে এক জাসদ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর লাশটি রেললাইনের ১২ থেকে ১৫ ফুট দূরে পড়ে ছিল। নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৬২)। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) জেলা কমিটির সহসভাপতি ও কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর কমিটির সভাপতি ছিলেন। তিনি হারাগাছ এলাকার হক বাজার এলাকার বাসিন্দা।
থানা–পুলিশ জানায়, খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে নিহত ব্যক্তির স্বজনেরা সেখানে গিয়ে শরিফুলকে শনাক্ত করেন। শরিফুলের মাথা ছাড়া শরীরের আর কোনো জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শরিফুল। রাতে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। পরদিন বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তাঁর লাশটি পাওয়া যায়।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি বাহারুল ইসলাম জানান, শরিফুলের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। সেই সঙ্গে তাঁর মৃত্যুর বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।